Search This Blog

Tuesday, December 15, 2009

বাংলা কবিতা

http://www.calcuttaweb.com/kabita/

উপহার

কোন কোন কথা থাকে ঠিক নদীর মতো—

যেন একটি পলাতক স্রোত চুপিসাড়ে

পেরিয়ে যাচ্ছে মেঘের দেশ –

তার মাছরাঙা দিন ,

জলের মুকুরে

যেন একতারা ঢেউ !

কোথাও কি হঠাৎ বৃষ্টি হয়েছে ?

তবে কেন

শহরের চৌকাঠ ডিঙিয়ে যায়

জলবুটি বিকেল ?

অকারনে—

এমনই কিছু কিছু কথা থাকে – নদীর মতো--

তার শাদা কালো নোঙর তুলতে তুলতে মনে হয়

তোমার জন্যে এক রুমাল কিছু লিখে রাখি !

Thursday, November 19, 2009

অজানা

তোমাকে জানব বলে
এই মেঘ—বৃষ্টি—রোদ—
প্রান্তরে রেখে যাওয়া হাঁসের শাদা
পালকের স্মৃতি—
গলাদ্ধকরনে—ক্রমশ তা গভীর
আস্বাদ এক – যেন
নির্জন নীড়
তার নীলাভ বন্দরে
বিলি কাটে হাওয়া
আঙুলে—বেতের বনে—
ছড়িয়ে রাখে ক্ষলিত
তারাদের ভ্রুন
শস্যের ক্ষেতে---আকাঙ্খায়—
বসন্ত জোনাকি হয়—
তবু , অন্ধকারে—
পৃথিবীর ব্যাথা—ক্লান্তি—
পীন নারীর হৃদয়—
আধো অজানায় রয়ে যায় !

আবর্তন

সূর্যের ভস্মীভূত ছাই আর
দৈন্দিন অহঙ্কার--
এই নিয়েই ভাবি ভালবাসা ;
তা হলে সময়ের অবিরাম ঘর্ষন ,
লালবাতির নিষেধ ছিলনা বলে
অন্তহীন হয়ে যায় ফুটপাথ
কংক্রীট--ফুল--মোহে--
পিছুডাক শুনে--
মোড় ঘুরে দেখি
তুমিতো তেমন শুভেচ্ছা নও
পৃথিবী--
সামাজিকে--বৃত্তের ব্যাসার্ধে ও
সীমানায়--
শুধু বালি ধ্বস
অবক্ষয় অতল জলের কিনারে পা ছুঁয়ে
বসে থাকে যেন
শত শত জ্যাক দ্যা রিপার

Friday, July 11, 2008








পৌণর্মাসী
অবিন সেন



হলুদ পাতা ঝরে ঝরে পড়ে টিনের চালে
বাতাসের কথা শোনে তবু—দুলে দুলে পৌণর্মাসী,
রাত্রি গড়িয়ে যায়—ঘুম ঘুম আকাশের চোখে
খেঁজুরের গাছে গুচ্ছ গুচ্ছ স্তনবৃন্তে বিমুগ্ধ রূপ !

ঘুমোবার কাল পার করে দিতে চায়—অলস নয়ন
জ্যৈষ্ঠের রাতে গ্রামীন কিশোর—চুপ চুপ
ভেলা খুলে দিয়ে ভেসে চলে যায় একা
ফলবতী আমবনটিরে পিছে ফেলে—অবুঝ নিরালা !

রাত্রি গড়িয়ে যায় তবু—ঝরে যায় হলুদ পাতা
ফেরেনা কিশোর—টিনের চালের পরে শুধু আনমনে
বাতাস লেখে—সবচেয়ে প্রিয় তার মৃত কিশোরীর কথা !

................................................................

Thursday, July 10, 2008

ভালবাসা


কাঁচপোকা—কাঁচপোকা—একাকী দুপুর,
একছুটে পুতুলের খেলা ফেলে—
আয়নায় রূপ—অপরূপ টিপ—ললাটে কিশোরীর
পদাবলী সুবাসিত মোহে সময় সজীব!

হলুদ পাতার নীড়ে—পুতুলের ঘর বার—
সহজ দিনের ডাকে, কিশোরীর ঘ্রানে নামে
বিকেল মেদুর—তখনই হঠাৎ পোড়ে খোড়ো চাল,
নিশান কলরব—বিজয় মিছিল—রাজনীতি সমর ;

পুতুলের ঘর ভাঙে—কাঁচপোকা উড়ে যায়—
কিশোরীর কপাল যেন আঁধার নীরব—আঁধার আড়াল করে,
জানিনা কত ভাঙে চোরে—বদলায় রাজার নীতির ঢঙ্
তবু শাশ্বত ভালবাসা—কিশোরীর শনিতের রঙ !